নিজস্ব প্রতিবেদক:
পর্যটন নগরী কক্সবাজারে ভ্রমণপিপাসুদের জন্য ব্যতিক্রমী সমুদ্র ভ্রমণের আয়োজন করেছে কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন। সোমবার (৮ জুন) সকাল ১১টায় কক্সবাজার বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজটি মহেশখালী ও সোনাদিয়া দ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিশেষ এই ভ্রমণ প্যাকেজে পর্যটকদের জন্য রাখা হয়েছে ভাসমান রেস্টুরেন্টে ওয়েলকাম ড্রিংকস, স্ন্যাকস এবং মানসম্মত দুপুরের খাবারের ব্যবস্থা। জাহাজটিতে একসঙ্গে সর্বোচ্চ ৩১০ জন যাত্রী ভ্রমণের সুযোগ পাবেন। সীমিত আসনের কারণে আগ্রহীদের দ্রুত বুকিং করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ভ্রমণের পথে পর্যটকরা বাংলাদেশের বৃহত্তম খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, কক্সবাজার বায়ু বিদ্যুৎ প্রকল্প, বাঁকখালী নদীর মোহনা, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন রানওয়ে, নাজিরার টেক শুঁটকি পল্লী এবং জনপ্রিয় লাবণী পয়েন্ট সমুদ্রসৈকতের মনোরম দৃশ্য উপভোগ করেন।
এছাড়া সোনাদিয়া দ্বীপের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, মহেশখালী দ্বীপের ম্যানগ্রোভ বন এবং দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির দর্শনের সুযোগও রয়েছে এই ভ্রমণে।
জাহাজ কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারে পর্যটকদের জন্য এমন ভাসমান সমুদ্র ভ্রমণের সুযোগ তুলনামূলকভাবে নতুন। সারা বছর দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ, আরামদায়ক ও আনন্দঘন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবার-পরিজন নিয়ে সমুদ্রের বুকে একদিনের ভিন্নধর্মী ভ্রমণ উপভোগ করতে ইতোমধ্যে পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।